আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে চরম দারিদ্র্য ও খরায় বিপর্যস্ত পরিবারগুলো তাদের শিশুসন্তানদের বিয়ে দিতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং ফসলহানির কারণে ঋণ পরিশোধ, খাবার কেনা কিংবা চিকিৎসার খরচ জোগাতে এই অমানবিক পথ বেছে নিতে হচ্ছে অনেককে। ১৫ বছর বয়সী দারেল্লা, যে এখন ৩০ বছর বয়সী স্বামীর সংসারে রয়েছে, তার ভাষায়, এই বয়সে বিয়ে করা কোনোভাবেই ভালো সিদ্ধান্ত নয়। সে বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়িতে ফিরে এসে নিজের করুণ অভিজ্ঞতার কথা জানায়।
বাদঘিসের প্রায় ৯৫ শতাংশ মানুষ কৃষিকাজ ও পশুপালনের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘস্থায়ী খরায় ফসল নষ্ট হওয়া এবং চারণভূমি শুকিয়ে যাওয়ায় অনেকেই জীবিকা হারিয়ে শহরে আশ্রয় নিচ্ছেন। এই পরিস্থিতির শিকার ১১ বছর বয়সী খাতিরা, যার বিয়ে ২০ বছর বয়সী এক যুবকের সঙ্গে ঠিক করা হয়েছে। তার মা নূর বিবি জানান, বাগদানের পর থেকে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে; সে কান্নাকাটি করে এবং হবু স্বামী বাড়িতে এলে পালিয়ে যায়।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, কোনো কোনো পরিবার বেঁচে থাকার জন্য চরম সিদ্ধান্ত নিচ্ছে। পাঁচ বছর বয়সী নাজিলার হবু স্বামীর বয়স ১৫ বছর। এছাড়া আট বছর বয়সী ছেলের ব্লাড ক্যানসারের চিকিৎসার খরচ জোগাতে না পেরে দুই বছর বয়সী ফাতেমাহকে বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ করতে বাধ্য হয়েছেন তার বাবা-মা। এমনকি খাবারের সংস্থান করতে না পেরে এক বাবা তার ১০ বছর বয়সী ছেলের কিডনি বিক্রির মতো ঘটনাও ঘটিয়েছেন।
খোশকিয়ান গ্রামের বাসিন্দা আবদুল আজিজ গত আট বছরে সাতবার গমের ফসল হারিয়েছেন। ঋণের দায়ে তিনি তার পাঁচ মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছেন। তার এক মেয়ে মাজরি ১২ বা ১৩ বছর বয়সে বিয়ে করে এখন ১৬ বা ১৭ বছর বয়সেই দুই সন্তানের মা। ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনালের কর্মকর্তা মার্ক ক্যালডার সতর্ক করে বলেছেন যে, অল্প বয়সে বিয়ে মেয়েদের জন্য প্রাণঘাতী স্বাস্থ্যঝুঁকি বয়ে আনে, অথচ সাহায্যের অভাবে তাদের চিকিৎসার ক্লিনিকগুলোও বন্ধ হয়ে যাচ্ছে।
১২ বছর বয়সী আয়েশার ক্ষেত্রেও একই চিত্র। তার বাবা ঋণ শোধ করতে মেয়েকে ২০ বছর বয়সী এক যুবকের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই অর্থ দিয়েও পরিবারের দারিদ্র্য কাটেনি, এমনকি দুই মাসের বাড়িভাড়া বাকি থাকায় বাড়িওয়ালা তাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছেন। আয়েশার মা সারা মেয়ের সামনে বিয়ের কথা বলতে পারেন না, কারণ তা শুনলেই আয়েশা কান্নায় ভেঙে পড়ে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিনি মেয়েকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে শৈশব বাঁচানোর চেষ্টা করছেন।





