পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ ২৮ জনের মৃত্যু

Published: October 15, 2026, 10:02 am

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষক রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। এর আগে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছিলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির ডনকে জানান, আল খায়ের স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা থাকা অবস্থায় ছাদটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করে আনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার শিকার এক শিক্ষার্থীর অভিভাবক সামিউল্লাহ জানান, তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আট বছরের কম বয়সি তিনটি মেয়ে শিশুকে উদ্ধার করেন। তিনি আরও জানান, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে খবর পাওয়ার পর প্রায় ১০ মিনিট পর তিনি সেখানে পৌঁছান। তার ছয় সন্তান এই স্কুলে পড়াশোনা করে। তিনি জানান, ভবনটির অবস্থা দেখে ভেবেছিলেন তার ছেলেও মারা গেছে, কিন্তু ভাগ্যক্রমে সে পানি খেতে শ্রেণিকক্ষ থেকে বাইরে থাকায় প্রাণে বেঁচে যায়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের আত্মার শান্তি ও উচ্চ মর্যাদা কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানান। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে ভবন বা ছাদ ধসে পড়ার ঘটনা বিরল নয়। প্রায়ই নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল নিরাপত্তা মানের কারণে এমন দুর্ঘটনা ঘটে। চলতি বছরের জুলাই মাসে উমরকোটের কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে ৩ থেকে ১৩ বছর বয়সী তিন শিশু নিহত হয়। একই মাসে লাহোরের বাগবানপুরা এলাকায় নির্মাণাধীন একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিশু মারা যায় এবং অন্তত পাঁচজন আহত হয়। জুন মাসে লাহোরের কাহনা এলাকায় একটি প্রাইভেট টিউশন সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু প্রাণ হারায়। এর দুই মাসেরও কম সময় আগে ডেরা গাজি খানের একটি বেসরকারি স্কুলে শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত ও ২০ জন আহত হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin