ঐতিহ্য, আস্থা এবং অংশীদারিত্বের বন্ধন অটুট রাখতে বিএইচএল গ্রুপ কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-এ আয়োজন করেছে দুই দিনব্যাপী ডিলার কনফারেন্স। ‘ক্রাফ্টেড টুগেদার- কক্সবাজার ২০২৬’ শিরোনামের এই সম্মেলনটি গত ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। ‘ফ্রম আওয়ার হেরিটেজ টু হোম’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে বিএইচএল গ্রুপের সিরামিক ব্যবসার প্রধান তিনটি ব্র্যান্ড—বিএইচএল সিরামিক, কুংফু সিরামিক এবং ভিঞ্চি সিরামিক—এর সম্মিলিত সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিএইচএল গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সম্মানিত ডিলারদের দীর্ঘদিনের সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মেলনের মূল আলোচনার মধ্যে ছিল কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, বর্তমান বাজারের পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা, ব্র্যান্ড উন্নয়ন এবং পণ্য সম্প্রসারণের কৌশল। এছাড়া ডিলার নেটওয়ার্কের সাথে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিএইচএল গ্রুপের চেয়ারম্যান তারকা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহেদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক সিফাত আরমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা। ব্যবসায়িক আলোচনার বাইরেও অংশগ্রহণকারীদের জন্য ছিল বিনোদনমূলক ও আনন্দঘন পরিবেশ, যা তাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘ক্রাফ্টেড টুগেদার’ শুধুমাত্র একটি সম্মেলনের নাম নয়, বরং এটি তাদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্কের প্রতীক। বিএইচএল গ্রুপ বিশ্বাস করে যে, একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান কেবল পণ্য উৎপাদন করে না, বরং মানুষের জীবনের সঙ্গে দীর্ঘস্থায়ী সংযোগ ও আস্থা তৈরি করে। এই সম্মেলনের মাধ্যমে বিএইচএল গ্রুপ অতীতের অর্জনকে মূল্যায়ন করে ডিলারদের সাথে নিয়ে ভবিষ্যতের বড় সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।





