আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির আহ্বান

Published: October 14, 2026, 3:47 am

আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। পণ্য ও সেবার গুণগত মান সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’, যার ভাবার্থ হলো ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশ্বের তিনটি প্রধান মান সংস্থা—ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি উদযাপন করছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্য বা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জ্বালানি উৎপাদনের পাশাপাশি এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এই লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য। সবার জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিতে আন্তর্জাতিক মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দিবসটি উপলক্ষে বিএসটিআইয়ের উদ্যোগে আগামী বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh