সোমবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণের এই ঘটনার কিছুক্ষণ আগেই রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে আকাশপথে হামলার হুমকি জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছিল।
ওই সতর্কবার্তায় বাসিন্দাদের উদ্দেশ্যে বলা হয়েছিল, এলাকাটি শত্রুপক্ষের আকাশপথের হুমকির মুখে রয়েছে। সবাইকে শান্ত থাকার এবং ঘরের ভেতরে বা নিরাপদ কোনো স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে জানালা ও দরজা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে, সৌদি আরবের সামরিক জোট ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। দেশটির সামরিক মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে। ধারণা করা হচ্ছে, রিয়াদের বাসিন্দারা যে বিস্ফোরণের শব্দ শুনেছেন, তা মূলত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ছোড়া প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছে। শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।





