আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, মোট পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণসংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট চার হাজার ৩০০ এর মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৭ মে’র মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও জানান, সোমবারের বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং বিস্তারিত একটি কমিটির মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়া কিছু অভ্যন্তরীণ পুনর্বণ্টনের অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।





