ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করার জন্য নতুন তারিখ নির্ধারণ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (১২ অক্টোবর) দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা এবং সৌরভ দাস পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে এই আলটিমেটাম দেন। রানকা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ কোনো জবাব না দিলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
আশুতোষ রানকা জানান, তারা যন্তর মন্তরে বিক্ষোভের জন্য নির্দিষ্ট তারিখ জানতে পুলিশ স্টেশনে গিয়েছিলেন। তিনি বলেন, “আমরা কোথায় বিক্ষোভ করব? আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে, কীভাবে আমরা বিক্ষোভ করতে পারি। অন্যথায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
এর আগে গত ১০ অক্টোবর সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশ জানায়, বিক্ষোভের জন্য অন্তত ১০ দিন আগে আবেদন করতে হয়, কিন্তু আয়োজকরা কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন করেছিলেন। এছাড়া আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘন, জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে পুলিশ এই অনুমতি প্রত্যাখ্যান করে।
সিজেপি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের পরিকল্পনা করেছিল। এটি এসআইআর কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে তাদের চলমান আন্দোলনেরই একটি অংশ। পুলিশের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, এর আগের একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে চলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল।





