ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস দেশের সর্বস্তরের মানুষের প্রতি শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বর্তমান ভারতকে জরুরি অবস্থার সাথে তুলনা করে বলেন, রাষ্ট্র এখন সরাসরি নিজ নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে।
সৌরভ দাসের অভিযোগ, মোদি সরকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাওয়া নাগরিকদের কণ্ঠরোধ করার জন্য বলপ্রয়োগ ও ভয় দেখানোর কৌশল অবলম্বন করছে। তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টা তাদের ফোনগুলো নিজেদের হেফাজতে রেখেছিল সরকার, যার ফলে সেগুলো হ্যাক বা ক্লোন করে ভুয়া প্রমাণ ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে তারা আশঙ্কা করছেন।
সংবাদ সম্মেলনে সিজেপি নেতা জানান, শুধুমাত্র একজন ব্যক্তিকে রক্ষা করার উদ্দেশ্যে শনিবার পুলিশ বিমান থেকে তাদের অপহরণ করে নিয়ে গিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ দাস আরও লেখেন, মোদি ও শাহ দিল্লিকে দুর্গে পরিণত করেছেন এবং দেশের নাগরিকদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি আরও মন্তব্য করেন যে, বর্তমান পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারই এই সরকারের টিকে থাকার অন্যতম প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছেন।





