ফ্যাশন ও কার্যকারিতার মিশেলে সর্বজনীন হয়ে উঠছে টোট ব্যাগ

Published: October 11, 2026, 6:18 am

ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ব্যাগের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের ব্যাগের ব্যবহার থাকলেও, বর্তমান সময়ে নারী ও পুরুষ উভয়ের কাছেই নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে টোট ব্যাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অফিসগামী তরুণ-তরুণী থেকে শুরু করে ফ্যাশন ইনফ্লুয়েন্সার—সবাই এখন টোট ব্যাগের দিকে ঝুঁকছেন। নান্দনিকতা ও ব্যবহারিক সুবিধার মিশেলে জেন্ডার-নিউট্রাল এই ব্যাগটি এখন ফ্যাশনের ট্রেন্ড তালিকায় শীর্ষে রয়েছে।

সাধারণত ক্যানভাস, কটন, জুট, চামড়া, ডেনিম কিংবা সিনথেটিক উপকরণ দিয়ে তৈরি টোট ব্যাগের নকশা বেশ সরল। বড় আকারের এই ব্যাগে দুটি লম্বা হাতল থাকে এবং ভেতরে থাকে একটি বড় অংশ, যেখানে প্রয়োজনীয় অনেক কিছু অনায়াসেই রাখা যায়। এতে কোনো জটিল চেইন বা বাকলস থাকে না বলে এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। লিঙ্গনিরপেক্ষ ফ্যাশনের প্রসারের ফলে এই ব্যাগটি এখন সর্বজনীন একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আগে ব্যাগের ব্যবহারের ক্ষেত্রে নারী-পুরুষের যে বিভাজন ছিল, তা এখন অনেকটাই দূর হয়েছে। এছাড়া রিসাইকেল ফ্যাশনের ক্ষেত্রেও টোট ব্যাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অনেকে ঘরে থাকা উপকরণ দিয়েও এটি তৈরি করে নিচ্ছেন।

সময়ের সাথে সাথে টোট ব্যাগের হাতলের ডিজাইনেও পরিবর্তন এসেছে। বর্তমানে দেশি ফ্যাশন ব্র্যান্ড যেমন বাহ, কালিন্দি, যাত্রা, পটের বিবি ও ব্যাগিটিউড আকর্ষণীয় ডিজাইনের টোট ব্যাগ নিয়ে কাজ করছে, যা তরুণ প্রজন্মের কাছে বেশ সমাদৃত। এসব ব্যাগে ডিজিটাল প্রিন্ট, প্যাচওয়ার্ক, হ্যান্ড পেইন্ট ও একরঙা নকশা ফুটিয়ে তোলা হচ্ছে। আরামের কথা মাথায় রেখে ব্যাগের বাইরের অংশে বাড়তি পকেটও যোগ করা হচ্ছে।

দৈনন্দিন প্রয়োজনে টোট ব্যাগ অত্যন্ত কার্যকর। শিক্ষার্থী ও অফিসগামীরা ল্যাপটপ, চার্জার, নোটবুক ও পানির বোতল বহনের জন্য ব্যাকপ্যাকের চেয়ে টোট ব্যাগকে বেশি স্টাইলিশ ও আরামদায়ক মনে করছেন। ভ্রমণে মেকআপ বা ছোট কাপড় নেওয়ার জন্যও এটি বেশ সুবিধাজনক। এছাড়া কুর্তি, টি-শার্ট বা কামিজের সাথে যেকোনো অনুষ্ঠানে এটি অনায়াসে মানিয়ে যায়।

টোট ব্যাগ কেনার সময় এর কাপড়ের মান, সেলাই এবং হাতলের স্থায়িত্ব যাচাই করা জরুরি। নিয়মিত ভারী জিনিস বা ল্যাপটপ বহন করলে মোটা কাপড়ের ব্যাগ বেছে নেওয়া ভালো। নিয়মিত ব্যবহারের ফলে ক্যানভাস ব্যাগে ধুলাবালি জমতে পারে, তাই নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। তবে প্রিন্ট বা হাতে আঁকা নকশা থাকলে খুব জোরে ঘষা এড়িয়ে চলা উচিত এবং ব্যাগের হাতল যেন অতিরিক্ত ভারে নষ্ট না হয় সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।

বাংলাদেশের বাজারে সাধারণ ক্যানভাস টোট ব্যাগ ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে নকশা, এমব্রয়ডারি বা কাস্টম ডিজাইনের ক্ষেত্রে দাম কিছুটা বাড়তে পারে। চামড়ার টোট ব্যাগের দাম কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। স্থানীয় অনলাইন শপ, হস্তশিল্প উদ্যোগ ও বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডে এখন বৈচিত্র্যময় টোট ব্যাগ পাওয়া যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh