জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রবিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালত একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ঠা নভেম্বর দিন ধার্য করেছেন।
মামলাটিতে পুলিশ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে আসামিদের মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং বাকি ১৮ জন পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরা এলাকায় মুগ্ধসহ ১১ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় রাষ্ট্রপক্ষ পৃথক দুটি অভিযোগ উত্থাপন করেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ১৮ জুলাই উত্তরার ৩ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের হাসপাতালে নেওয়ার পাশাপাশি ছাত্র-জনতার মধ্যে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন এবং পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। একই দিনে উত্তরায় জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া ওই একই দিনে একটি এপিসির (সাঁজোয়া যান) পেছনের চাকায় পিষ্ট করে উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে হত্যার অভিযোগও আনা হয়েছে।
দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, পরদিন ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ এবং নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।





