বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানান, এই প্রণালিটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। রোম এই পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের কোনো যৌথ সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবে না।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, নৌ চলাচলের পথ সুরক্ষায় তাদের নিজস্ব সামরিক সক্ষমতা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক দেরির কারণে বর্তমান জটিল পরিস্থিতিকে আর খারাপ হতে দেয়া যাবে না। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল-মান্দেব প্রণালিটি এশিয়া ও ইউরোপের মধ্যে সুয়েজ খালের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ পণ্য এই পথ দিয়ে পরিচালিত হয়।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয়ার পর বাব আল-মান্দেবের কৌশলগত গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের প্রধান বিকল্প রুট হিসেবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো এই প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুত অভিযান চালিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপসহ ইয়েমেনের পশ্চিম লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এর ফলে নৌপথটিতে হুতিদের একক আধিপত্য প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক সামরিক প্রচেষ্টা সত্ত্বেও ইয়েমেনে তীব্র লড়াইয়ের কারণে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় বড় সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতেই ইতালি যুদ্ধজাহাজ মোতায়েনের এই সিদ্ধান্ত নিলো।





