আসন্ন দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
ঘোষিত এই কমিটিতে দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু এবং জন গোমেজ।
এছাড়াও কমিটিতে আরও রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও রমেশ দত্ত, যুবদলের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।





