সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদী থেকে নুরজাহান বেগম (১০৩) নামের এক শতবর্ষী বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে যমুনা নদীর জগতলা ঘাটের ভাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরজাহান বেগম উপজেলার জামিরতা গ্রামের মৃত লাজত ব্যাপারীর স্ত্রী। এই প্রবীণ নারীর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে যমুনা নদীর জগতলা ঘাটে গোসল করতে নেমেছিলেন নুরজাহান বেগম। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘ সময় ধরে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বিকেলের দিকে ঘাটের কিছুটা ভাটি এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সিরাজগঞ্জ নৌ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।





