খুলনায় ছিনতাইকারীদের কোপে পুলিশ কর্মকর্তা জখম, পাঠানো হলো ঢাকায়

Published: October 9, 2026, 7:32 am

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন জেলা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। আহত ওই পুলিশ কর্মকর্তার নাম শাহ আলম (৪৩)। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা সদর থানার কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলায় একটি বিশেষ অভিযান শেষ করে রিকশাযোগে পুলিশ ক্লাবে ফিরছিলেন এসআই শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এরপর তারা তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের একপর্যায়ে হামলাকারীরা চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।

আহত এসআই শাহ আলমকে দ্রুত উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষ করে ফেরার পথে কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন জেলা পুলিশে কর্মরত এসআই শাহ আলম। হামলাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল ইতিমধ্যেই মাঠে নেমেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin