কোটালীপাড়ায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় ৪৭ বিজয়ীকে পুরস্কৃত করলেন এমপি জিলানী

Published: October 9, 2026, 4:42 am

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, হামদ-নাত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। কোটালীপাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জিলানী বলেন, সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থী ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। তিনি আরও বলেন, “নজরুলের গান, কবিতা ও দর্শন চর্চা করলে তরুণ প্রজন্ম বিপথগামী হবে না। তাই শুধু নজরুল বর্ষেই নয়, সারা বছরজুড়ে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা ছড়িয়ে দিতে হবে।” বর্তমানে সমাজে মাদকের যে ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে, তা থেকে ছাত্র ও যুবসমাজকে রক্ষা করতে হলে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল। এ ছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin