ঢাকায় বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

Published: October 9, 2026, 6:17 am

ঢাকার গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস রুট রেশনালাইজেশন বা সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। নতুন এই পরিকল্পনার আওতায় প্রতিটি রুটে একাধিক কোম্পানির পরিবর্তে মাত্র একটি কোম্পানির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলাচল করবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে থাকবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতি। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট কোম্পানিগুলো গাড়ির ফিটনেস, শৃঙ্খলা বজায় রাখা এবং আইন মানার বিষয়টি নিশ্চিত করবে। এছাড়া যাত্রীসেবার মান বাড়াতে কাউন্টারভিত্তিক সেবা, ই-টিকিটিং এবং জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ডিটিসিএ-এর সমীক্ষা অনুযায়ী বর্তমানে সচল ৯৮টি রুট এবং ৬৬টি কোম্পানিকে পুনর্গঠন করে ৩২টি ক্লাস্টারে একীভূত করা হবে। বিআরটিএ এবং মালিক সমিতির সমন্বয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রথম দুটি অগ্রাধিকার রুট চূড়ান্ত করা হবে।

একই দিনে পৃথক আরেকটি বৈঠকে প্রধানমন্ত্রী সারাদেশে ক্রীড়া পরিকাঠামো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম ও খেলার মাঠ গড়ে তোলার কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে দেশে অন্তত এক হাজার খেলার মাঠ প্রস্তুত করতে হবে। এছাড়া সিটি করপোরেশন এলাকায় প্রতি ২-৩টি ওয়ার্ডের বিপরীতে ন্যূনতম একটি খেলার মাঠ নিশ্চিত করতে হবে। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ক্রীড়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহসহ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে আবরার ফাহাদ হত্যা মামলার আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হলে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং ন্যায়বিচার নিশ্চিতে সরকার পরিবারটিকে সব ধরনের আইনগত ও নৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

সচিবালয়ে আয়োজিত গণপরিবহন বিষয়ক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy