মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে নাগরিক দায়িত্বের আহ্বান সচিবের

Published: October 8, 2026, 6:25 pm

মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন যে, মাদকাসক্ত ও কিশোর গ্যাং সদস্যদের সমাজে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সচিব বলেন, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়েই মাদক ও কিশোর অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বর্তমান সমাজের জন্য মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে কামরুজ্জামান চৌধুরী বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। কিশোর অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তান যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেজন্য তাদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকতে হবে এবং পরিবারে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কাউন্সিলিং ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সচিব বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজ পরিচালনার নেতৃত্ব দেবে। তাই পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh