সুইজারল্যান্ডে পাহাড়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩ আরোহীর মধ্যে ২ ব্রিটিশ

Published: September 18, 2026, 6:54 am

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি দেশটির সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।

ভ্যালাইস আঞ্চলিক পুলিশের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, একক-ইঞ্জিনের 'সিরাস এসআর২২টি' মডেলের বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। পরবর্তীতে ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে আঘাত হেনে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযানে তিনটি হেলিকপ্টার এবং দুইজন উদ্ধারকারী বিশেষজ্ঞ অংশ নেন। তবে উদ্ধারকারীরা বিমানের ভেতর থেকে তিন আরোহীর কাউকেই জীবিত অবস্থায় পাননি; তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh