ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি ইজারা দেওয়া আত্মঘাতী: সাইফুল হক

Published: October 8, 2026, 2:59 pm

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের আয়োজনের প্রেক্ষাপটে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এই কৌশলগত সম্পদ বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে দেওয়ার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত অস্বচ্ছ। তিনি অভিযোগ করেন যে, বন্দর রক্ষা কমিটিসহ বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের আপত্তি এবং সাধারণ জনগণের মতামতকে পুরোপুরি উপেক্ষা করে একতরফাভাবে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এনসিটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখান থেকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে। অথচ এই চুক্তির শর্তাবলি, আর্থিক লেনদেনের স্বচ্ছতা এবং টার্মিনাল সংশ্লিষ্ট শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি জনগণের কাছে পরিষ্কার করা হয়নি। জাতীয় স্বার্থকে উপেক্ষা করে তাড়াহুড়ো করে করা এই চুক্তি দেশের ইতিহাসে ‘কালো চুক্তি’ হিসেবে চিহ্নিত হবে বলে তিনি সতর্ক করেন।

সাইফুল হক অবিলম্বে এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এনসিটিকে আরও দক্ষ, গতিশীল ও লাভজনক করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই বন্দর-সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শ্রমিক ও অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই টার্মিনালের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy