তালতলীতে ভিডব্লিউবি কার্ড দিতে ৩০০ টাকা করে নিলেন ইউপি সচিব

Published: October 8, 2026, 1:08 pm

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে দুস্থ নারীদের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো. খলিলুর রহমানের বিরুদ্ধে এই অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারের ভিডব্লিউবি কর্মসূচির কার্ড নিতে ইউনিয়ন পরিষদে গেলে সচিব খলিলুর রহমান প্রত্যেকের কাছে টাকা দাবি করেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাম ও 'অফিস খরচ'-এর অজুহাত দিয়ে ২০টি কার্ডের বিপরীতে প্রতি উপকারভোগীর কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করা হয়। পরবর্তীতে তাদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের জন্য বরাদ্দকৃত মোট ৬০ কেজি চাল দেওয়া হয়। টাকা নেওয়ার এই খবর ছড়িয়ে পড়লে গত বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত দেখে সচিব খলিলুর রহমান বাধ্য হয়ে রওশয়ানারা নামের এক উপকারভোগীকে তার কাছ থেকে নেওয়া ৩০০ টাকা ফেরত দেন।

ভিডব্লিউবির উপকারভোগী রওশয়ানারা জানান, ইউনিয়ন পরিষদে কার্ড নিতে গেলে সচিব খলিলুর রহমান ৩০০ টাকা চান। টাকা দেওয়ার পর তাকে আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসের চাল দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সচিব তার টাকা ফেরত দিতে বাধ্য হন। নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন কার্ডধারীও একই অভিযোগ করে বলেন, কার্ড বিতরণের জন্য সচিব খলিলুর রহমান তাদের কাছ থেকে ৩০০ টাকা করে নিয়েছেন।

টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ছোটবগী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমান বলেন, ‘নতুন ভিজিডি (ভিডাব্লিউবি) কার্ডের জন্য ৩০০ টাকা করে নেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী দুই-একজনের কাছ থেকে টাকা নেওয়াও হয়েছিল। কিন্তু পরবর্তীতে চেয়ারম্যান সাহেব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলে আমরা তা ফেরত দিয়ে দিই।’

এ বিষয়ে তালতলী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ‘ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বা চাল বিতরণে কোনো প্রকার টাকা নেওয়ার সুযোগ নেই। আমার নাম ভেঙে কেউ টাকা আদায় করে থাকলে তা অত্যন্ত অন্যায়। দ্রুত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় তালতলী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে মোট ১ হাজার ৬৫২ জন দুস্থ নারী তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে ছোটবগী ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ৩০০ জন। প্রতিটি কার্ডধারী নারী ইউনিয়ন পরিষদ থেকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল ২৪ মাস ধরে পাবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy