পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। গত বুধবার পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। নিয়োগটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপাল মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতিবিষয়ক দপ্তরে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রশাসনিক মহলের ধারণা, উপদেষ্টা হিসেবে মিঠুনের দায়িত্বের পরিধি ও নির্দিষ্ট ভূমিকা পরবর্তী ধাপে স্পষ্ট হবে। নবান্নের সূত্র জানিয়েছে, খুব শিগগিরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমানে মিঠুন আলিপুরদুয়ারে একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেখান থেকেই তিনি এই নতুন দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা করার ঘোষণা দিয়েছিলেন। বাংলা চলচ্চিত্রে মিঠুনের অবদান এবং পশ্চিমবঙ্গের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা বিবেচনা করেই তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে তখন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এর আগেও উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনসহ পর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্রে মিঠুনের পরামর্শ নিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। মিঠুন ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। এর আগে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় মনোনীত করেছিল, তবে ২০১৬ সালে তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। পাঁচ দশকের বেশি সময়ের চলচ্চিত্রজীবনে বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে তিনি ‘মহাগুরু’ নামে পরিচিত।
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১: ৪৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১: ৫৩





