জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী এক যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন দক্ষিণ রামভদ্রপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (৩৫) এবং কুটাহাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাব্বি হাসান (৩২)।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তিনটি বিশেষ টহলদল (এসআরবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের একটি দল সমন্বিতভাবে এই অভিযান চালায়। এ সময় আসামিদের কাছ থেকে ৬ বোতল উইন সেরেক্স সিরাপ এবং ১ হাজার ৬০০ মিলিলিটার মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটক দুই ব্যক্তি এবং জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের পাঁচবিবি থানায় হস্তান্তরের কাজ চলছে।





