উয়েফা নেশনস লীগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যকার ম্যাচটি মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের চরম উত্তেজনা ও গুরুতর এক অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। সার্বিয়ায় অনুষ্ঠিত দুই দলের মধ্যকার এই ড্র ম্যাচটির বিরতির সময় আইরিশ কোচিং স্টাফের এক সদস্যের গায়ে এক ইসরায়েলি খেলোয়াড় থুথু ছিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ম্যাচ শেষে আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন স্বস্তি প্রকাশ করে বলেন, এই অধ্যায়টি শেষ হওয়ায় তিনি সত্যিই আনন্দিত। গত দুই সপ্তাহে তাদের দল যে ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে গেছে, তা যেন অন্য কোনো জাতীয় দলকে সহ্য করতে না হয়।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচ দুটিকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এর আগে হাঙ্গেরিতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে আয়ারল্যান্ড ৩-০ গোলে জয়লাভ করেছিল। সার্বিয়ার নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত ফিরতি লেগের এই ম্যাচেও ছিল না কোনো প্রথাগত করমর্দন কিংবা পতাকা বিনিময়ের আনুষ্ঠানিকতা। দুই দলের খেলোয়াড়রাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। এর মধ্যে আইরিশ খেলোয়াড়রা গাজার সংঘাতের শিকার মানুষদের প্রতি শ্রদ্ধা জানান এবং ইসরায়েলিরা ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলায় নিহতদের স্মরণ করেন।
মাঠের লড়াইয়ে প্রথমার্ধে ট্রয় প্যারটের পেনাল্টি গোলে আয়ারল্যান্ড এগিয়ে গিয়েছিল। তবে বিরতির ঠিক পর পরই গোলটি শোধ করেন ইসরায়েলের ডোর পেরেটজ। তবে খেলার ফলের চেয়েও বড় বিতর্ক তৈরি হয় প্রথমার্ধ শেষে সাজঘরে ফেরার সময়। আইরিশ কোচিং স্টাফের সদস্য ডেমিয়েন ডয়েল অভিযোগ করেন, ড্রেসিংরুমে যাওয়ার পথে এক ইসরায়েলি খেলোয়াড় তার গায়ে থুথু ছিটান।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে আইরিশ কোচ হালগ্রিমসন বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও নিশ্চিত করেছেন যে, বিষয়টি বর্তমানে উয়েফার ডিসিপ্লিনারি কমিটির বিবেচনাধীন রয়েছে। অন্যদিকে, ইসরায়েলের কোচ রান বেন-শিমন দাবি করেছেন যে, ঘটনার সময় তিনি ড্রেসিংরুমে ছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার দলের খেলোয়াড়রা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ধরনের সহিংসতা বা অনৈতিক আচরণ করেননি।





