ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীর দুদকের করা এই আবেদন মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে হাজির করা হয় এবং গ্রেপ্তার দেখানোর আনুষ্ঠানিক আবেদন জানায় কমিশন। আদালত আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, আসামি মো. আসিবুর রহমানের নামে ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে অনুসন্ধানে তার বৈধ আয়ের উৎস হিসেবে মাত্র ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকা পাওয়া গেছে। ফলে তার নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তার সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থ দিয়ে ছেলে আসিবুর রহমানকে সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এই ঘটনায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। উল্লেখ্য, শাজাহান খান ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন।
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৪: ৫৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৫: ২০





