মালয়েশিয়ার কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসে ভয়াবহ ভূমিধসের দুই দিন পর মাটিচাপা পড়া এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ টানা দুই দিন উদ্ধার তৎপরতা চালানোর পর ট্র্যাকার কুকুরের সহায়তায় তাঁর সন্ধান পায়।
নিহত ওই বাংলাদেশি শ্রমিকের নাম মো. ফাহাদ হোসেন (২৭)। তবে তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।
মালয়েশীয় সংবাদমাধ্যম ‘নিউ স্ট্রেইট টাইমস’ গুয়া মুসাং পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু-এর বরাত দিয়ে জানায়, ঘটনার দিন দুপুরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ‘কে-৯’ ইউনিটের ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর ২৭ বছর বয়সি ওই বাংলাদেশি কর্মীর লাশের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
কুকুরটির শনাক্ত করা স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধারকারী দলের সদস্যরা মাটির স্তূপের নিচ থেকে ফাহাদের মরদেহটি বের করে আনেন। এর আগে, সকালে নিখোঁজ কর্মীকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়। এই উদ্ধার কার্যক্রমে ২০ জন দমকলকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর এবং একটি এক্সকাভেটর ব্যবহার করা হয়েছিল।





