দুর্নীতির মামলায় চট্টগ্রাম ওয়াসার বরখাস্ত গাড়িচালক তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন নেসাকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সাহেদ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররাম হোসেন জানান, মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দিয়েছেন। ২০২২ সালের ৫ মার্চ তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন নেসার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। তদন্ত শেষে চলতি মাসের শুরুতে চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক মো. এমরান হোসেন তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
তদন্তকারী কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, তদন্তে তাজুলের স্ত্রীর আয়ের কোনো উৎস পাওয়া যায়নি। স্বামীর অবৈধ আয়কে বৈধ করার জন্য স্ত্রীকে পোলট্রি খামারি সাজানো হয়েছিল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী নগরের রৌফাবাদ এলাকায় ২০০২ সালে ৩ শতক জায়গা কিনে পাঁচতলা বাড়ি নির্মাণ করেন। বাড়িটির অর্ধেক নির্মাণের ব্যয় ২৫ লাখ ৬১ হাজার টাকা দেখানো হলেও গণপূর্ত বিভাগের তিন উপপ্রধান প্রকৌশলীর নিরপেক্ষ তদন্তে ৩৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়।
এছাড়া স্ত্রীর নামে ব্যাংকে নগদ টাকাসহ ২১ লাখ ৩০ হাজার টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। সব মিলিয়ে তাজুলের স্ত্রীর নামে ৫৯ লাখ ৮৯ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। রৌফাবাদ এলাকার পশ্চিম শহীদনগরে অবস্থিত তৈয়্যবিয়া হাউজিং সোসাইটির সরু গলি ধরে এগোলেই তাজুলের এই পাঁচতলা বাড়িটি চোখে পড়ে, যেখানে ১৭টি ফ্ল্যাট রয়েছে।





