জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিক চট্টগ্রাম। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চলমান এই ম্যাচে আগের দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার সঙ্গী সাদিকুর রহমান অবশ্য সেঞ্চুরির জন্য অপেক্ষা করেছিলেন তৃতীয় দিন সকাল পর্যন্ত। তৃতীয় দিনের খেলা শুরুর আধা ঘণ্টার মধ্যেই তিনি নিজের কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করেন।
ম্যাচের দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম বিনা উইকেটে ১৯০ রান তুলে বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। তবে তৃতীয় দিনের শুরুতেই দলটির প্রথম উইকেটের পতন ঘটে। আগের দিনের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় তার স্কোরের সঙ্গে মাত্র ৩ রান যোগ করতে সক্ষম হন। রাজশাহীর বাঁহাতি পেসার শফিকুল ইসলামের বলে আউট হওয়ার আগে তিনি ১৭৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান সংগ্রহ করেন।
সঙ্গী হারানোর কিছুক্ষণের মধ্যেই সাদিকুর রহমান তার সেঞ্চুরি উদযাপন করেন। ১৩৭তম বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই ওপেনার। চলতি জাতীয় লিগে এটি তার দ্বিতীয় এবং ২৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি। এর পাশাপাশি তার নামের পাশে চারটি ফিফটিও রয়েছে।
অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাদিকুর। সানজামুল ইসলামের শিকার হওয়ার আগে তিনি ১৫৮ বলে ১২টি চারের সাহায্যে ১১৫ রান করেন। ঠিক পরের বলেই শাহাদাত হোসেন দীপু আউট হলে জোড়া ধাক্কায় কিছুটা চাপে পড়ে যায় চট্টগ্রাম।





