দেশের বাজারে সোনার গহনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন নির্ধারিত এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভালো মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছিল, যার পাঁচ দিনের মাথায় আবার দাম কমানো হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
এর আগে ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া দরে ২২ ক্যারেটের সোনা ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা দরে বিক্রি হচ্ছিল। সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই আগের দামই কার্যকর ছিল।
সোনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।





