২০.৫ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা, পঞ্চগড়ে শীতের আমেজ

Published: October 5, 2026, 6:32 am

আশ্বিনের শেষ ভাগে এসে উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। এক দিনের ব্যবধানে দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আগের দিনও এখানকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত এই বৃষ্টির পর থেকেই সোমবার ভোর থেকে আবহাওয়া দ্রুত বদলে যায়। গত কয়েক দিন ধরে এই অঞ্চলে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে বৃষ্টির পর ভোরের দিকে হালকা কুয়াশা ও মৃদু ঠান্ডা বাতাসের কারণে প্রাক-শীতের পরশ স্পষ্ট হয়ে উঠেছে। আকাশজুড়ে মেঘের ভেলা আর ভোরের শীতল আবহে উত্তরাঞ্চলে এখন স্পষ্ট হয়ে উঠছে শীতের আবহাওয়া।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বেশ কিছুদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। গত রাতে হওয়া ভারী বৃষ্টিপাতকে তিনি মৌসুম পরিবর্তনের লক্ষণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy