যুক্তরাষ্ট্র থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার

Published: October 4, 2026, 8:46 am

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তার ভাষ্যমতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও ওই দুই কূটনীতিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করছিলেন।

সূত্রটি আরও জানায়, চলতি সপ্তাহের শুরুর দিকেই মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের জাতিসংঘ মিশনকে নির্দেশ দিয়েছিল যেন অধিবেশন শেষ হওয়ার পরপরই পুরো প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র ত্যাগ করে। কিন্তু ওই নির্দেশ অমান্য করে প্রতিনিধিদলের দুই সদস্য নিউইয়র্কেই থেকে যান। শুক্রবার বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের নজরে এলে ওয়াশিংটন তাদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ পুনর্ব্যক্ত করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি বলেন, অধিবেশন শেষ হওয়ার অনেক পরও ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে নিউইয়র্কে পাওয়া যায়, যার প্রেক্ষিতেই তাদের বহিষ্কারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে একজন শুক্রবার রাতে এবং অন্যজন শনিবার সকালে নিউইয়র্ক ত্যাগ করেছেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল যে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও তার প্রতিনিধিদলকে সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই নির্দেশ অমান্য করার কারণেই শেষ পর্যন্ত ওই দুই কূটনীতিকের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy