যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে নিখোঁজ মেডিকেল ফ্লাইট, চলছে তল্লাশি

Published: October 4, 2026, 3:27 am

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয়জন আরোহী নিয়ে একটি মেডিকেল ফ্লাইট নিখোঁজ হয়েছে। বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে রওনা হওয়া বিমানটির সঙ্গে মাঝ আকাশে হঠাৎ রেডিও ও রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে এসেছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার পরপরই আকাশ ও সমুদ্রপথে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়। মার্কিন কর্তৃপক্ষ বর্তমানে এই উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে বিমানটির অবতরণের কথা ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin