অক্টোবরে ৩ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জানাল আবহাওয়া অধিদপ্তর

Published: October 3, 2026, 5:45 pm

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই লঘুচাপগুলোর মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এ মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হতে পারে। মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে শুরু করবে। অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করলেও পুরো মাসজুড়ে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

নদ-নদীর স্বাভাবিক প্রবাহ অক্টোবর মাসজুড়ে বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার কিছু স্থানে সাময়িকভাবে পানি সমতল দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক শূন্য থেকে ৪ দশমিক শূন্য মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক শূন্য থেকে ৬ দশমিক শূন্য ঘণ্টা থাকতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh