প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যমান মিড-ডে মিল কর্মসূচিতে নতুন আঙ্গিক যোগ করার পরিকল্পনা করছে সরকার। মূলত অনিয়ম ও দুর্নীতি রোধের লক্ষ্যেই এই কর্মসূচিতে কুপন ব্যবস্থা চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শনিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।
প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী, প্রতিটি শিশুকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। এই কুপন ব্যবহার করে শিক্ষার্থীরা স্থানীয়ভাবে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে নিজেদের পছন্দমতো খাবার কিনতে পারবে। তবে কোনো শিক্ষার্থী যদি তালিকাভুক্ত কোনো দোকানে তাদের পছন্দের খাবার না পায়, তবে সেই কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থেকে যাবে। মন্ত্রী জানান, স্থানীয় ব্যবসায়ীদের তাদের সক্ষমতা যাচাই সাপেক্ষে তালিকাভুক্ত করা হবে। তবে এই পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মন্ত্রণালয় আরও আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বইয়ের মান নিয়েও কথা বলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বইয়ের মান নিশ্চিত করতে ৫টি স্তরে যাচাই-বাছাই করা হচ্ছে। মান খারাপ হওয়ার কারণে এখন পর্যন্ত ৩০ লাখ বই বাতিল ও বিনষ্ট করা হয়েছে। এরপরও কিছু প্রিন্টার্স খারাপ মানের বই সরবরাহের চেষ্টা অব্যাহত রেখেছে। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেষ পর্যন্ত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছালেও, যদি মান খারাপ পাওয়া যায়, তবে ওই প্রিন্টার্সের বিরুদ্ধে মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।





