ঢাকার চারটি বারে একযোগে তল্লাশি অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা। অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকদের কাছে এসব পণ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান চালানো হয়। এনবিআরের জনসংযোগ দপ্তর শনিবার এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো—আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এনবিআর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে অ্যালকোহলজাত পণ্য মজুত ও বিক্রির অভিযোগ পাওয়ার পর এই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়।
এই বিশেষ অভিযান পরিচালনার জন্য কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চারটি পৃথক দল গঠন করেছে। এই দলগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে প্রতিষ্ঠানগুলোতে সরেজমিনে তল্লাশি, নথিপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী পণ্য জব্দের প্রক্রিয়া চালাচ্ছেন। মূলত বারে মজুত থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের পরিমাণ, সেগুলোর আমদানিসংক্রান্ত বৈধ কাগজপত্র, ভ্যাট ও আয়কর পরিশোধের প্রমাণাদি যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্তে কোনো ধরনের অনিয়ম বা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





