সীমান্তে গুলিতে দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব

Published: October 3, 2026, 4:31 pm

আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহতের ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান। শুক্রবার বেডিয়ান সেক্টরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির দাবি, এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনার প্রেক্ষিতে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তারা ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে। পাক মন্ত্রণালয়ের অভিযোগ, বিএসএফ নিরপরাধ ও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর বিনা উসকানিতে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। তাদের ভাষ্যমতে, এই শক্তি প্রয়োগ ছিল ‘সম্পূর্ণ অন্যায্য ও চরম মাত্রায় অসামঞ্জস্যপূর্ণ’, যার ফলে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ভারতের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতীয় গণমাধ্যমগুলো নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সীমান্তে অনুপ্রবেশের একটি চেষ্টা প্রতিহত করার সময় এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

এদিকে, নিহতদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে বর্ণনা করার যেকোনো প্রচেষ্টাকে ‘সুস্পষ্টভাবে’ প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে ইসলামাবাদ ঘটনাটির তাৎক্ষণিক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে। সেই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের ফলাফল ও গৃহীত পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin