গাজায় গণহত্যা চলছে, মূল কারিগর নেতানিয়াহু: জোহরান মামদানি

Published: October 3, 2026, 3:35 pm

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ভয়াবহ গণহত্যার মূল কারিগর হিসেবে চিহ্নিত করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজা উপত্যকায় গণহত্যা এখনো থামেনি।

একটি পডকাস্ট অনুষ্ঠানে আলোচনার সময় জোহরান মামদানি জানান, সম্প্রতি নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন, তখন তাকে গ্রেপ্তার না করার সিদ্ধান্তটি ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের।

নেতানিয়াহু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিউইয়র্কের মেয়র বলেন, যখনই নেতানিয়াহুর কথা আসে, তখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগরের কথাই সামনে চলে আসে।

গত সপ্তাহে নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবনে ফিলিস্তিনি পরিবারের সদস্যদের আতিথেয়তা দেওয়ার কথা উল্লেখ করে মামদানি বলেন, সেখানে তিনি তাদের জীবন ভেঙে পড়ার করুণ অভিজ্ঞতার কথা শুনেছেন। তিনি আরও যোগ করেন, ফিলিস্তিনিরা মূলত সব মানুষের মতো একটি পরিবার, নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবনই প্রত্যাশা করে।

ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের বর্তমান অবস্থানের কঠোর সমালোচনা করে জোহরান মামদানি বলেন, যুক্তরাষ্ট্র সরকার শুধুমাত্র ফিলিস্তিনিদের অধিকার থেকে বঞ্চিত হতে দেখছে না, বরং এই পুরো প্রক্রিয়ায় আর্থিকভাবেও সমর্থন জুগিয়ে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh