রূপপুর প্রকল্পে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান

Published: October 3, 2026, 8:06 am

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের প্রথম চালানটি আজ শনিবার দুপুরে প্রকল্প এলাকায় পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে চালানটি গন্তব্যে নেওয়া হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামের এই চালানটি বিশেষ কার্গো উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডেরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশিয়া থেকে চার ইঞ্জিনের ‘ইলিউশিন আইএল-৭৬’ মডেলের বিশেষ বিমানে এই জ্বালানি আনা হয়েছে।

প্রকল্প এলাকায় ইউরেনিয়ামবাহী গাড়ি প্রবেশের সময় সেখানে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তারা চালানটিকে স্বাগত জানান। পুরো বহরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট নয়টি চালানে রূপপুরের জন্য আরও ইউরেনিয়াম দেশে আসার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।

উল্লেখ্য, রাশিয়ার ঋণ ও কারিগরি সহায়তায় ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin