আক্রমণ হলে সব ধরণের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

Published: October 2, 2026, 6:27 pm

রাশিয়ার ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে তা প্রতিহত করতে নিজেদের অস্ত্রাগারের সব ধরনের অস্ত্র ব্যবহারের কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের এক অধিবেশনে তিনি এ কথা বলেন। তবে ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার ওপর কোনো আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

ভালদাই ক্লাবের অধিবেশনে পুতিন পশ্চিমা বিশ্ব ও ইউরোপের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে মস্কোর সঙ্গে যুদ্ধের উসকানি দেওয়া হচ্ছে, বাল্টিক সাগরে সামরিক মহড়া চালানো হচ্ছে এবং রুশ জাহাজ জব্দ করা হচ্ছে। মূলত মস্কোর বাল্টিক ছিটমহল কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোর সঙ্গে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে পুতিনের এই বক্তব্য সামনে এসেছে। সম্প্রতি ইউরোপে অবস্থিত বেশ কয়েকটি রুশ দূতাবাস সতর্ক করেছে যে, ন্যাটো কালিনিনগ্রাদকে আকাশ ও নৌপথে অবরুদ্ধ করার পরিকল্পনা করছে।

রুশ দূতাবাসগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কালিনিনগ্রাদকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার যেকোনো চেষ্টা করা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্রসহ তাদের সমস্ত সক্ষমতা ব্যবহার করে জবাব দেবে। পুতিনও এই সতর্কবার্তাকে সমর্থন করে বলেন, কালিনিনগ্রাদ বা অন্য যেকোনো রুশ ভূখণ্ডে সরাসরি আঘাত এলে অস্ত্রভাণ্ডারে থাকা সব অস্ত্র ব্যবহারের প্রশ্নটি অবধারিতভাবেই সামনে চলে আসবে।

রাশিয়ার এই পারমাণবিক হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট এ ধরনের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন, শক্তি প্রয়োগের হুমকি বা পারমাণবিক হামলার উসকানিমূলক কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ন্যাটো কালিনিনগ্রাদকে লক্ষ্যবস্তু করছে না উল্লেখ করে তিনি জানান, এটি একটি আত্মরক্ষামূলক জোট এবং তাদের কোনো মহড়াই রাশিয়ার জন্য হুমকি নয়।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পাল্টা প্রতিক্রিয়ায় মস্কোর এই পারমাণবিক হুমকিকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অগঠনমূলক বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ইউক্রেন যুদ্ধ থেকে পশ্চিমা বিশ্বের মনোযোগ অন্য দিকে সরাতেই রাশিয়া এ ধরনের ভীতি ছড়ানোর চেষ্টা করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin