সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এসব তথ্যের সত্যতা যাচাই করে একটি বিবৃতি দিয়েছে। মন্ত্রণালয়ের ফ্যাক্টচেক টিম স্পষ্টভাবে জানিয়েছে, দুই রাষ্ট্রনেতার অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো পোস্টগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর। এ ধরনের বিদ্বেষপূর্ণ পোস্ট প্রচার থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করা হয়েছে।
শি জিনপিংকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবে দাবি করা হয় যে, ব্রিকস সম্মেলনের চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে তাকে বেইজিংয়ের ৩০১ হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হয়, ভারত ছাড়ার সময় শি জিনপিংয়ের হাঁটতে সমস্যা হচ্ছিল। তবে এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই। বরং ব্রিকস সম্মেলনে তিনি তার নির্ধারিত সব কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন।
শি জিনপিংয়ের অসুস্থতার প্রমাণ হিসেবে ইন্টারনেটে যে ছবি ও ভিডিও প্রচার করা হয়েছে, তার অনেকগুলোই ভুয়া বা এআই-নির্মিত বলে চিহ্নিত হয়েছে। এছাড়া সম্মেলনের প্রথম দিনে নরেন্দ্র মোদির বক্তব্যের মাঝে শি’র দিকে তাকিয়ে ‘ইজ ইট ওকে?’ বলার ঘটনাটিকেও তার অসুস্থতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোদির সেই প্রশ্নটি শি জিনপিংয়ের কানে থাকা অনুবাদ যন্ত্রের কার্যকারিতা নিয়ে ছিল, তার স্বাস্থ্য নিয়ে নয়।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতা নিয়েও গুজব ছড়ায়। এ বিষয়ে তার দপ্তর থেকে জানানো হয়েছে যে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কিছু জনসম্পৃক্ত কর্মসূচি থেকে বিরত থেকে বিশ্রাম নেবেন। তবে তার অসুস্থতার বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।





