ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা অশোক রোড হয়ে জন্তর মন্তরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে।
বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের সদস্যসহ আম আদমি পার্টির (এএপি) শীর্ষস্থানীয় নেত্রী আতিশী, সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজ এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ৫০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটকের কথা বলা হলেও, দ্য ইকোনমিক টাইমসের তথ্যানুযায়ী আটকের সংখ্যা ৭০০ জনেরও বেশি।
বিক্ষোভের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়াদিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই আদেশের ফলে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের জমায়েত ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।





