আবু সাঈদ হত্যা: বেরোবিতে ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

Published: October 1, 2026, 5:51 pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় ৩ শিক্ষকসহ মোট ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের কপি পাওয়ার পর তা সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। শহীদ আবু সাঈদের প্রতি সম্মান প্রদর্শন এবং তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এর আগে গত ৯ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীদের তালিকায় রয়েছেন তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও হাফিজুর রহমান ওরফে তুফান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল ও এ কে এম আমির হোসেন, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া এবং কর্মচারী আনোয়ার পারবেজ আপেল। উল্লেখ্য, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy