রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

Published: October 1, 2026, 5:46 pm

রাতের আঁধারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এই অপকর্মের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই দাবি জানান। তিনি উল্লেখ করেন, রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় ইতোমধ্যে সরকার ও সরকারি দল সাংগঠনিকভাবে পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে ঘটনার ভয়াবহতা বিবেচনা করে কেবল সাংগঠনিক ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকা ঠিক হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, এই ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে দেশবাসী তা স্পষ্ট দেখতে পায়। একই সাথে, হামলা ও লুটপাটের শিকার হওয়া এই স্বাস্থ্যকেন্দ্রটি যাতে পুনরায় সচল হতে পারে, সেজন্য টেকসইভাবে এটি পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin