মেধা তালিকায় প্রথম হয়েও গেজেটে নেই সোহেল ও মামুনের নাম

Published: September 30, 2026, 5:55 pm

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী দুই প্রার্থী আবদুল্লাহ আল মামুন ও সোহেল রানার নাম না থাকায় বিতর্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী প্রার্থীদের দাবি, ফ্যাসিবাদী হাসিনা বিরোধী জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণেই তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে মোট ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের গেজেটে নাম না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আবদুল্লাহ আল মামুন ও সোহেল রানা। মামুন সমাজকল্যাণ বিষয়ে এবং সোহেল রানা ইতিহাস বিষয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

নিজের ফেসবুক পোস্টে আবদুল্লাহ আল মামুন লিখেছেন, “৪৯তম বিসিএসে সমাজকল্যাণে মেধা তালিকায় প্রথম হয়েও গেজেটে নাম এলো না। জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। এটাই কি আমার অপরাধ?” একইভাবে সোহেল রানা তার প্রতিক্রিয়ায় লিখেছেন, “ধন্যবাদ, বাংলাদেশ। ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।”

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২২

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh