দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে নতুন করে ১ হাজার ৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৪৯ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৭৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৭৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ৩২৮ জন রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২৬০, খুলনা বিভাগে ২৫৬, রাজশাহী বিভাগে ২০৯, রংপুর বিভাগে ১০১, ময়মনসিংহ বিভাগে ৯৪ এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন। তাদের মধ্যে ৭৫ হাজার ৬৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।





