প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামিউল আরাফাত (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল আরাফাত টাঙ্গাইল সদর উপজেলার আদালতপাড়া মহল্লার আব্দুল সালাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সামিউল মোটরসাইকেল চালিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকার আশুকা সিএনজি পাম্পের সামনে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। ঠিক ওই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে নাওজোর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী ওই তরুণের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





