চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ফের উৎপাদন বন্ধের কবলে পড়েছে। দীর্ঘ ছয় মাস কারখানাটি বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফেরার মাত্র দুই দিনের মাথায় বৃহস্পতিবার ভোরে কারিগরি সমস্যার কারণে এর কার্যক্রম স্থগিত করতে হয়েছে।
কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পুনরায় পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া এবং পরবর্তীতে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। কিন্তু উৎপাদন শুরুর পর কারিগরি ত্রুটির মুখে পড়ে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানাটি আবারও বন্ধ হয়ে যায়।
সিইউএফএল-এর উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে সমস্যাটি নিরসনে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী রবিবারের মধ্যে কারখানাটি পুনরায় চালু করার আপ্রাণ চেষ্টা করা হবে।
উল্লেখ্য, টানা ছয় মাস বন্ধ থাকার পর গত ২০২৫ সালের ২ নভেম্বর কারখানাটি চালু করা হয়েছিল, কিন্তু ওই দিনই তা আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চলতি বছরের ২ মার্চ পুনরায় উৎপাদন শুরু হলেও গ্যাস সংকটের কারণে ৪ মার্চ তা আবারও বন্ধ হয়ে গিয়েছিল।





