একক প্রার্থীর আসনে ‘না’ ভোট যুক্ত, আ. লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত

Published: September 17, 2026, 9:55 am

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই সংশোধনীতে আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ স্থগিত করার পাশাপাশি একক প্রার্থী রয়েছে এমন আসনে ‘না’ ভোট বা ‘না’ প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রার্থীদের হলফনামা ও ব্যাংক হিসাব ব্যবহারের নিয়মসহ বেশ কিছু বিধিমালা শিথিল ও স্পষ্ট করা হয়েছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮’-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করে এই নতুন নিয়মগুলো আনা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী, স্থগিত থাকা প্রতীক বাদে কমিশনের নির্ধারিত যেকোনো প্রতীক প্রার্থীদের বরাদ্দ দেওয়া যাবে। ইসির তৈরি প্রতীকের তালিকায় ‘নৌকা’ প্রতীকের পাশে এখন থেকে ‘স্থগিত’ শব্দটি লেখা থাকবে।

প্রতীক স্থগিত ও নতুন প্রতীক যুক্ত করার পাশাপাশি প্রার্থীদের হলফনামা দাখিলের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে কমিশন। এখন থেকে প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দেওয়া আর বাধ্যতামূলক থাকছে না, এটি ঐচ্ছিক করা হয়েছে। ফলে পরিবারের সদস্যদের আয়কর রিটার্নের তথ্য না দিলেও তা আইনগতভাবে বৈধ বা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা স্পষ্ট করে বলা হয়েছে, কেবল সেই আসামিকে অভিযুক্ত বলা যাবে যার বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করা হয়েছে।

ফৌজিদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের জামিন সংক্রান্ত নিয়মও সহজ করা হয়েছে। আগে প্রার্থীরা জামিনে থাকলে আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক ছিল, যা এখন শিথিল করা হয়েছে। অপরদিকে, যেসব প্রার্থী কারাগারে বন্দি আছেন, তারা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে পারবেন।

নির্বাচনি ব্যয় নির্বাহের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের নিয়মেও সংশোধনী আনা হয়েছে। তফসিল-১-এর ফরম-১-এর তৃতীয় অংশে থাকা ‘মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা’র জায়গায় পরিবর্তন এনে প্রার্থীর নিজস্ব অ্যাকাউন্টের পাশাপাশি তার মনোনীত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। ইসি জানিয়েছে, সংশোধিত এই বিধানগুলো অবিলম্বে কার্যকর হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গভাবে প্রযোজ্য হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin