স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা ও সার্বিক পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইসি সচিব জানান, নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার সময় এসএসসি পরীক্ষা, পবিত্র রমজান মাস, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং জাতীয় দিবসগুলোর মতো বিষয়গুলো কমিশন বিবেচনায় রাখবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন প্রস্তাবনা এসেছে, যার ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। মন্ত্রী মহোদয়ের দেওয়া সময়সীমা একটি ভালো রেফারেন্স হিসেবে কাজ করবে এবং কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা সবারই প্রত্যাশা। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মানদণ্ডকে সামনে রেখে আগামীতেও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি স্থানীয় বাস্তবতাগুলো বোঝা জরুরি। সবদিক বিবেচনা করেই একটি সুষ্ঠু সমাধানে আসার চেষ্টা করবে কমিশন।





