রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অভিযান চালিয়ে ডিবি গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
ঘটনার সূত্রপাত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে, যখন একদল অস্ত্রধারী ব্যক্তি ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ লিমিটেড আবাসন প্রকল্প এলাকায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। একপর্যায়ে তারা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউন ফিস’-এ ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। সালমান মুক্তাদির ঘটনার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্টুডিওর ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করলে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এর আগের রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর এই হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।
এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্ল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইক্যুইপমেন্টসহ প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এছাড়া গাড়ি ভাঙচুরসহ প্রতিষ্ঠানটির মোট ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, এই মামলার অপর তিন আসামি মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)-কে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত। তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার এসআই সুব্রত দেবনাথ আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানির পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের পাঁচটি গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আরও অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলির খোসাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, এ ঘটনার প্রেক্ষাপটে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।





