লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ

Published: September 28, 2026, 1:16 pm

বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এমন ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব প্ল্যাটফর্মে লেনদেন না করতে এবং তাদের কার্যক্রম থেকে বিরত থাকতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্যমতে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, কোম্পানি বা প্রতিষ্ঠান পেমেন্ট সেবা প্রদান করলে তা 'পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪' অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। জনসাধারণের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের আইনি ঝুঁকি এড়াতে এসব প্ল্যাটফর্ম ব্যবহার না করার পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের তালিকা হলো— বহুদুরপে (বহুদুরপে), জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপের বা সিপে, উদ্যোক্তাপের, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত এবং পিপ্রাপের।

একইসঙ্গে, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin